শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

***অন্ত্যমিলের আলিঙ্গনে***

-------@ #আবির_সাহানা


বিভাজিত খাতের দুই প্রান্তে নামহীন দু'টি ফুল
একে অপরের ছোঁয়া পেতে রোদ, ঝড়, বৃষ্টি মাথায়
প্রহর গোনে অন্তবিহীন ।
মনখারাপের চোরাবালি সুখগুলোকে গিলে চলে রোজ ;
অদূরে দুঃসহ মুহূর্তকাল বিদ্রূপমাখা হাসি হাসে আড়চোখে ।
আবেগের সোপান বেয়ে বোবাকান্নার আনাগোনা অহর্নিশ--
আশাহত মনের সদরদরজা হয়ে স্বপ্নহীন চোখের চিলেকোঠায় ।
বিষণ্ণ অশ্রুকণায় নির্ঝরের স্বপ্নভঙ্গের বেদনা-- নিশ্চল, নির্নিমেষ ।
তবুও প্রহর গোনা অন্তবিহীন--
অবিশ্রান্ত বর্ষার আকস্মিক জলোচ্ছ্বাসের প্রতীক্ষায়,
অসহনীয় বিচ্ছেদব্যথার বাঁধন ছিঁড়ে একাকার হতে,
নির্বাধ স্রোতের টানে দুর্বার প্রেমের সাগরসংগমে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন